এবার ১১ শতাংশ কর্মী ছাঁটাই করবে দারাজ
বিশ্বের অন্যান্য শীর্ষ প্রযুক্তি জায়ান্টদের মতো এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলো দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। খরচ কমাতে এরই মধ্যে ১১ শতাংশ কর্মীকে চাকরিচ্যুত করার প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। দারাজের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স।
গত বছর থেকেই বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মী ছাঁটাই শুরু করে। মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, টুইটার, গুগলসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান খরচ কমাতে হাজার হাজার মানুষকে চাকরিচ্যুত করেছে। এর জন্য করোনা মহামারি ও লকডাউনের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতির ওপর বিরূপ প্রভাবকেই দায়ী করেছে প্রতিষ্ঠানগুলো।
এবার কর্মী ছাঁটাইয়ের আঁচ লেগেছে দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজেও। বিশ্বেজুড়ে ১১ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা জারকে মিকেলসেন বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানানো হয়।
দারাজ জানিয়েছে, তাদের এমন সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির ৩০০ কর্মী চাকরি হারাতে পারেন।
মিকেলসেন বলেন, ‘আমাদের সবচেয়ে বড় বাজার হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ। এ ছাড়াও শ্রীলঙ্কা এবং নেপালেও দারাজ কার্যক্রম চালিয়ে থাকে’।
ডিবিটেক/বিএমটি







